
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকের টাকা জোগাড় করতে নিজের বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নেশার টাকার জন্য এই চরম কাণ্ড ঘটিয়েছেন জলিল খন্দকার (৩৩) নামে এক যুবক। বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) উপজেলার কলাবাড়ি ইউনিয়নের দিঘলিয়া গ্রামের পশ্চিম কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত জলিল খন্দকার দিঘলিয়া গ্রামের বেলায়েত খন্দকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে না পেরে বুধবার তিনি নিজের থাকার ঘরের টিনের বেড়া খুলে ফেলেন এবং তা ভাঙাড়ির দোকানে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার স্ত্রী বাধা দিলে জলিল ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন।
জলিলের ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তির এমন মাদকাসক্তি ও ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বেড়া পর্যন্ত বিক্রি করে দেওয়ার ঘটনায় পরিবারটি এখন দিশেহারা। এলাকাবাসী জানান, মাদকের নেশায় জলিল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, যার খেসারত দিতে হচ্ছে তার মাসুম সন্তানদের।
বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এলাকায় মাদকের সহজলভ্যতা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
গোপালগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসন মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলেও গ্রাম পর্যায়ে মাদকসেবীদের এমন কর্মকাণ্ড উদ্বেগ বাড়াচ্ছে। স্থানীয়রা জলিল খন্দকারকে দ্রুত আইনের আওতায় এনে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।