
নিজস্ব প্রতিবেদক, ২২ ফেব্রুয়ারি ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষা মন্ত্রী এএনএম এহসানুল হক মিলনের নিকট তাঁর পদত্যাগপত্র জমা দেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ শাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রটি যথাযথ মন্ত্রণালয় হয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, উপাচার্য তাঁর আবেদনে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে উন্নয়ন অধ্যয়ন (Development Studies) বিভাগে গ্রেড-১ অধ্যাপক হিসেবে তাঁর মূল পদে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। পদত্যাগপত্র গ্রহণকালে শিক্ষা মন্ত্রী এএনএম এহসানুল হক মিলন দেশের এক ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।