
মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো জুলাই আন্দোলনের সাফল্যকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। জুলাই আন্দোলন নিয়ে যাবতীয় অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি তরুণ প্রজন্মের একাংশের ভূমিকার প্রতিও ইঙ্গিত করেন।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নুরুল হক নুর তার বক্তব্যে দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে বলেন:
"আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ—সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে; আর তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।"
তিনি স্মরণ করিয়ে দেন যে, এই পরিবর্তনের পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত আন্দোলন ও ত্যাগের ইতিহাস রয়েছে, যা কেবল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় জোটের বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপি জোটের এই সংসদ সদস্য। তিনি বলেন, জুলাই সনদে পরিষ্কার উল্লেখ ছিল যে বিষয়গুলোতে দলগুলোর মধ্যে ঐকমত্য হবে না, সেগুলো জনগণের ম্যান্ডেটের ওপর ছেড়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, "জুলাই সনদের যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল বা নোট অব ডিসেন্ট ছিল, সেটি বিএনপি তাদের মতো করে বাস্তবায়ন করবে—এটাই স্বাভাবিক। কিন্তু সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে অপপ্রচার করা অন্তত বিরোধী দলের বন্ধুদের উচিত নয়।"
বিরোধী জোটকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, "তর্কের খাতিরে তর্ক বা বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ বছর সরকারের গঠনমূলক সমালোচনা করুন। ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিয়ে যাব।"
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সময় সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। জুলাই আন্দোলনের কৃতিত্ব ও রাজনৈতিক সংস্কারের প্রশ্নে তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।