
নারায়ণগঞ্জ প্রতিনিধি | Katha24.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সিকোটেক্স গার্মেন্টসের পশ্চিম পাশে গোল্ডেন সিটি এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ছিনতাই, চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পায়েল নামের এক যুবক ও তার সহযোগীরা গত ৩ থেকে ৪ মাস ধরে প্রতিদিন সন্ধ্যার পর সাধারণ নিরীহ মানুষকে কৌশলে ফাঁদে ফেলে মারধর ও চাঁদাবাজি করছে।
স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে যেখানে মেলা বসেছিল—বর্তমানে ভরাট করা সেই জায়গায় রাস্তা থেকে মানুষকে মোবাইলে কথা বলানোর কথা বলে ভিতরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন রেখে মারধর করে বের করে দেওয়া হয়। পরবর্তীতে মোবাইল ফেরত পেতে ভুক্তভোগীদের কাছ থেকে ১ হাজার থেকে ২ হাজার টাকা দাবি করা হয়।
এলাকাবাসী আরও জানান, শুধু পথচারী নয়—চা দোকান ও মুদি দোকান থেকেও নিয়মিত চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় স্থানীয়রা একাধিকবার অভিযুক্তদের সঙ্গে কথা বললেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। বরং অভিযুক্তরা ‘জরিমানা দিয়ে মীমাংসা’ করার আশ্বাস দিলেও পরে আর কোনো খোঁজ নেয়নি।
অভিযোগে বলা হয়, প্রতিদিন মাগরিবের নামাজের পর স্কুলের পিছনের গেট এলাকায় বসে প্রকাশ্যে মাদক সেবন করে পায়েলসহ আরও কয়েকজন যুবক। স্থানীয়দের দাবি, সন্ধ্যা ৭টার দিকে যে কোনো দিন ঘটনাস্থলে গেলে এই চিত্র চোখে পড়বে।
এই চক্রের অত্যাচারে সোনামিয়া মার্কেট, ব্যাংক কলোনি ও আশপাশের স্কুল এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী ও নারী পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব সুমন মুন্না ভাই, গ্রুপ অ্যাডমিন ও এলাকার বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।