
কক্সবাজারের উখিয়া উপজেলায় সাহরির সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি লালা বিবি নামে পরিচিত এবং তাঁর স্বামী মালয়েশিয়া প্রবাসী।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে বলে তিনি জানান।
এ বিষয়ে তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সাহরির সময় দুর্বৃত্তরা হঠাৎ করে বসতঘরে ঢুকে লালা বিবির ওপর হামলা চালায়। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহতের স্বামীর বড় ভাই জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি পক্ষের সঙ্গে তাদের ঝামেলা চলছিল। তাঁর দাবি, নির্যাতনের পর পরিকল্পিতভাবেই ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।