
দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বারোপ
ঢাকা: ঢাকাস্থ আর্জেন্টিনা দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত, মি. মারসেলো সি. চেসা- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়, যেখানে বাণিজ্যিক সম্ভাবনা ও ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প (RMG) ও ফার্মাসিউটিক্যাল খাতে আর্জেন্টিনার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয়পক্ষই অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলোও উঠে এসেছে। রাষ্ট্রদূত মারসেলো সি. চেসা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং শিল্পখাতের বিকাশের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, আল্লামা মামুনুল হক বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং পারস্পরিক বাণিজ্য ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত অন্যান্য অতিথিরা জানান, এই ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।
এ সময় আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, এবং বৈঠক শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাক্ষাৎকারটি সমাপ্ত হয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।