
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের সপ্তম দিনে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, রমজানজুড়ে প্রতিদিন ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে।
ইফতারে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, তিনি মেসে থেকে পড়াশোনা করেন এবং অনেক সময় একা ইফতার করতে ভালো লাগে না। ইফতার প্রস্তুত করাও ঝামেলার। ক্যাম্পাসে এ ধরনের আয়োজনের কথা শুনে এসে সবার সঙ্গে বসে ইফতার করতে পেরে ভালো লাগছে বলে জানান তিনি। এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদও জানান।
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসুর কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য বলেন, পবিত্র রমজানে অনেক শিক্ষার্থী পরিবার থেকে দূরে ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানানো এবং রমজানের বরকত সবার সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মাসব্যাপী এ আয়োজন অব্যাহত থাকবে, যাতে কোনো সাধারণ শিক্ষার্থী ইফতার নিয়ে সংকটে না পড়েন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে। রমজান মাসে মেস বা হলে অবস্থানরত অনেক শিক্ষার্থীর জন্য মানসম্মত ইফতার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের সেই কষ্ট বিবেচনায় রেখেই মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (1)
প্রতিটি দল অন্য দলের ভালো কাজ অনুসরণ করা উচিত।