
আন্তর্জাতিক ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: মেক্সিকোর অন্যতম শক্তিশালী ড্রাগ কার্টেল 'জালেস্কো নিউ জেনারেশন'-এর প্রধান নিমেসিও ওসেগুয়েরা (৫৯) দেশটির সেনাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। তার মৃত্যুর পর মেক্সিকোর বিভিন্ন রাজ্যে ব্যাপক সহিংসতা, গোলাগুলি ও রাস্তা অবরোধ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রধান এয়ারলাইন্সগুলো মেক্সিকোর কয়েকটি শহরে তাদের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।
ফ্লাইট বিপর্যয়: মার্কিন এয়ারলাইন্স ইউনাইটেড, আমেরিকান, সাউথওয়েস্ট ও আলাস্কা এবং কানাডার এয়ার কানাডা ও ওয়েস্টজেট পুয়ের্তো ভাল্লর্তা, গুয়াদালাজারা এবং মানজানিলো রুটে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, মাঝ আকাশে থাকা তাদের চারটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকা পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ভ্রমণ সতর্কতা: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মেক্সিকোতে অবস্থানরত তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে থাকার (Shelter in place) নির্দেশ দিয়েছে। বিশেষ করে মিচোয়াকান, গুয়েরেরো এবং জালেস্কো রাজ্যে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। কানাডা সরকারও তাদের নাগরিকদের জন্য একই ধরণের সতর্কতা জারি করেছে। মেক্সিকান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, টাপালপা শহরে সংঘর্ষের সময় ওসেগুয়েরা আহত হন এবং মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য, ওসেগুয়েরার মাথার ওপর ১৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।