
নিজস্ব প্রতিবেদক, ২১ ফেব্রুয়ারি ২০২৬: দেশে চলমান ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মতো বিশৃঙ্খল কর্মকাণ্ডের নেপথ্যে প্রশাসনের একটি অংশ ও বিশেষ কিছু মহল গোপন মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, "একটি পক্ষ মবদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও কেউ কেউ গোপনে এদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে সরকার সব খবর রাখছে। তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা জানে কীভাবে সরকার চালাতে হয় এবং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।" প্রচলিত আইন-শৃঙ্খলার বাইরে গিয়ে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের শক্ত হাতে দমনের বার্তা দেন তিনি। এছাড়া তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি জানান, ৪ কোটি ১০ লাখ পরিবারকে পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।
অন্যদিকে, লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে জলসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "মব কালচার বা বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশের পুনর্গঠনে বড় বাধা। সবাইকে এই পথ থেকে সরে এসে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।" তিনি সাম্প্রতিক গণভোট বা রেফারেন্ডাম প্রসঙ্গে বলেন, "গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। সংসদীয় বিধি অনুযায়ী এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, নতুন করে শপথের প্রয়োজন নেই। দ্বিমত থাকলে তা সংসদে আলোচনা হবে।" উভয় মন্ত্রীই সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে সরকারের সাথে সহযোগিতা করার আহ্বান জানান।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।