
Katha24.com | নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানের সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী এম এ হান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, দপ্তর সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ওমরাও খান, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহীন, কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন ভূইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন,
“ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান বলেন,
“আমি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করি না, মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচিত হলে আমি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করবো—ইনশাআল্লাহ।”
সভায় উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণ হওয়ার কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী এম এ হান্নানকে বিজয়ী করার আহ্বান জানান।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।