
পল্লবীতে মুখোশধারী ছিনতাইকারীদের গুলিতে মুদি ব্যবসায়ী আহত, ১৭ হাজার টাকা লুট
নিজস্ব প্রতিবেদক I Katha24.com
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | ১১:৪৩
রাজধানীর পল্লবী এলাকায় মুখোশধারী ছিনতাইকারীদের গুলিতে মোহাম্মদ হোসেন দিপু (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে গুলি করে সঙ্গে থাকা ১৭ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পল্লবী ব্লক-ই, রোড-৫, সেকশন-১২ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দিপুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতের স্ত্রী আফরোজা বেগম জানান, সকালে তিনজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি মুখোশ পরে একটি মোটরসাইকেলে করে এসে তার স্বামীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি চালায়। গুলিটি দিপুর বাম পায়ের হাঁটুর ওপরে লাগে। এরপর ছিনতাইকারীরা তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, গুলির শব্দ ও স্বামীর চিৎকার শুনে পরিবারের লোকজন বাইরে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, পল্লবী এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম পায়ের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি লেগেছে এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গুলি করে তার কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।