
নিজস্ব প্রতিবেদক, ৯ এপ্রিল ২০২৬: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরের সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে।
প্রবেশ ও চলাচলে কড়াকড়ি: নির্দেশনা অনুযায়ী, বিকেল ৫টার পর উৎসবস্থলে আর কোনো নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিকার ছাড়া কোনো যানবাহন ক্যাম্পাস এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখের দিন মেট্রোরেলের 'ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন' বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গল শোভাযাত্রার নিয়ম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখে কোনো মুখোশ পরতে পারবেন না, তবে হাতে বহন করতে পারবেন। শোভাযাত্রায় মাঝপথে যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ বস্তু: জননিরাপত্তার কথা বিবেচনা করে সারা দেশে ফানুস ওড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন ও ভুভুজেলা ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গোয়েন্দা নজরদারি: অনুষ্ঠানস্থলে ব্যাগ বা দিয়াশলাই বহন না করার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হয়রানি ও ছিনতাই রোধে সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।