
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬
রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ রোববার (৫ এপ্রিল) এই আদেশ দেন।
এর আগে জুলাই আন্দোলন চলাকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে ছিলেন আফজাল নাছের। সেই রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং নতুন করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিএমপির উপপরিদর্শক মো. তোফাজ্জেল হোসেন।
তদন্তকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয় যে, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আসামি বিগত সরকারকে বিরোধী পক্ষ দমনে নানাভাবে সহযোগিতা করেছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং অর্থের জোগানদাতা ও হুকুমদাতাদের শনাক্ত করতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী দাবি করেন, এই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শওকত উল্ল্যাহ বলেন, আফজাল নাছেরকে বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এবং তিনি নিজেই বৈষম্যের শিকার।
শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে আফজাল নাছের নিজেকে নির্দোষ দাবি করে বলেন,
"আমাকে কোনো কারণ দর্শানো ছাড়াই এক কাপড়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। আমি ২৬ বছর চাকরি করেও কোনো পেনশন পাইনি। আমি কেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য কাজ করব? আমি কোনো বৈষম্যবিরোধী ঘটনার সাথে সম্পৃক্ত নই।"
উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির কার্যালয়ে হামলা ও মকবুল হত্যার ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। গত ৩০ মার্চ মিরপুর ডিওএইচএস থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।