
কথা২৪ ডেস্ক | প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে উল্লেখিত শ্রেণির বাইরে যানবাহন চালানোর ক্ষেত্রে কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।
শুক্রবার (৩ এপ্রিল) বিআরটিএ সদর কার্যালয় থেকে প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি পাবলিক স্থানে মোটরযান চালাতে পারবেন না। একইভাবে, লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে অন্য ধরনের যান চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণপরিবহন পরিচালনা করা বা অন্যকে চালানোর অনুমতি দেওয়া আইনবিরুদ্ধ। এসব বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
বিআরটিএ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লাইসেন্সবিহীন চালনা, ভুল শ্রেণির যান চালানো, বেপরোয়া গতি ও বিশৃঙ্খল ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রাণহানি ও স্থায়ী পঙ্গুত্বের মতো গুরুতর ঘটনা ঘটছে।
এই প্রেক্ষাপটে, সকল চালককে বৈধ লাইসেন্স ব্যবহার এবং নির্ধারিত নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পরিবহন মালিকদেরও তাদের চালকদের বিষয়ে সচেতন থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করার ক্ষেত্রে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।