
কথা২৪। রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বৃহস্পতিবার নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাজশাহী মহানগরবাসীর কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছেন। এ জন্য তিনি সভা থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রী যে গুরুত্ব দিয়েছেন তা তুলে ধরেন।
তিনি আরও বলেন, রাজশাহীকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে এবং তিনি মহানগরবাসীর জন্য কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন। সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী, সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীকে নতুনভাবে সাজাতে চান।
নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সভায় রাসিকের প্রশাসক উল্লেখ করেন, রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান, যা জনগণের প্রতি দায়বদ্ধ। দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে যথাযথভাবে কাজ করতে হবে এবং পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রাসিক প্রশাসক আরও জানান, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ৯০ দিনের কাজের পরিকল্পনাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
সভায় রাসিক প্রশাসক অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার এবং চলমান উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান এবং প্রকৌশল বিভাগের অন্যান্য সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।