
জামালপুরে গত একদিনে দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সময়কাল গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার বিকালের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলায় কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমান (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে বাইরে যান তার স্বজনরা। এই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। শিশুটি কান্নাকাটি করে তার মাকে বিস্তারিত জানায়। শনিবার রাতেই মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদুর রহমান পলাতক রয়েছেন।
মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গত একদিনে জেলায় আরো পাঁচজন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ইসলামপুর উপজেলার চার বছরের একটি শিশু, ইসলামপুর পৌরসভার ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছরের এক নারী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।
একই দিনে জেলায় একাধিক ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জামালপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার জন্য আলামত সংগ্রহের কাজ চলছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।