
কথা২৪ । কুড়িগ্রাম প্রতিনিধি:
সরকারের বর্তমান আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা বিভিন্ন জায়গায় অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক বানিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আপনাদেরকে এতদিন বলতে শুনতাম ২টা প্রশাসক দিয়েছেন অনির্বাচিত, এটা ঠিক নয়, খুব বাজে সিস্টেম হয়েছে। আর একদিনে ৪২টা প্রশাসক দিলেন, ১৩টা সিটি কর্পোরেশন দিলেন, এখন উপজেলা দিবেন, এটা কোন ধরণের গণতান্ত্রিক চর্চা আমাদের বোধগম্য নয়।"
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি সরকারের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনো আইয়ুব খানের পরে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি কিনা আমাদের জানা নেই।
এদিকে, তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ফ্যাসিস্টের মতো আচরণ করছেন, ইচ্ছেমতো যাকে যেখানে বসিয়ে দিচ্ছেন। নির্বাচন দিন, নির্বাচনে জিতে আসলে আমরা আপনাদের সম্মান করবো।
কুড়িগ্রাম নিয়ে মন্তব্য করতে গিয়ে ড. আতিক মুজাহিদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও কুড়িগ্রামের উন্নয়ন হয়নি। এমপিও হওয়ার ৪৫ দিন হয়নি, তাতেই আপনারা আমাদের উন্নয়ন দেখার জন্য বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। আমরা বলতে চাই, এই কুড়িগ্রাম সবার, নির্বাচনে হারজিত থাকবে, তাই বলে আমরা কেউ কারো শত্রু নই। আমরা সবাইকে নিয়ে কুড়িগ্রামের উন্নয়ন করবো, ইনশাআল্লাহ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি এনসিপি হন, যুবশক্তি হন, নারী শক্তি হন, ছাত্র শক্তি হন বা শ্রমিক শক্তি হন, এমপির নাম করে কোনো গরীব-নিরীহ মানুষের কাছে প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করলে আপনাকে কোনো প্রকার ছাড় দেয়া হবেনা। তাই সাবধান হয়ে যান, মানুষের উপকারে জন্য নিঃস্বার্থ কাজ করে যান।
সভায় এম. রশিদ আলীর সভাপতিত্বে ও তারিকুজ্জামান তমালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান এবং জেলা শ্রমিকশক্তির আহ্বায়ক মজনুজ্জামান মঞ্জু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব শাহজাহান আলী সুমন প্রমুখ।
সভায় সমাজের গণমান্য ব্যক্তিবর্গসহ জাতীয় যুব শক্তির জেলা ও বিভিন্ন উপজেলা শাখার ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।