
ঝিনাইদহ প্রতিনিধি। Katha24
বুধবার (১৮ মার্চ) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে পৌরসভার কলেজ স্ট্যান্ড সংলগ্ন তবি মিয়ার ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ওই এলাকায় পল্লী বিদ্যুতের সার্ভিস তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী সতর্ক অবস্থানে ছিলেন। এরই মধ্যে ভোরে একটি চোরচক্রের সদস্যরা মো. আলী আহমদের মার্কেটসহ আশপাশের বাসাবাড়ি ও ফিলিং স্টেশন থেকে বিদ্যুতের তার কেটে বস্তাবন্দি করার চেষ্টা করছিল।
এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা কামাল ড্রাইভারসহ কয়েকজন সাহসী ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলেন। ধাওয়া দিয়ে তারা দুইজনকে আটক করতে সক্ষম হন, তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আইন নিজের হাতে না তুলে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন মো. মিন্টু রহমান (৩৫), পিতা মৃত মসলেম, গ্রাম ফুলবাড়ি সমাজকল্যাণ কামারপাড়া (বর্তমানে কালীগঞ্জ কুঠিপাড়া নিবাসী) এবং মো. ফজলু হোসেন (৩০), পিতা সিরাজুল ইসলাম, গ্রাম চৌগাছা (বর্তমানে কালীগঞ্জ আড়পাড়া নিবাসী)।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে এক বস্তা চুরিকৃত বিদ্যুতের সার্ভিস তার, চুরির কাজে ব্যবহৃত একটি হাঙ্ক (Hunk) মোটরসাইকেল, একটি ধারালো ছুরি, বেশ কিছু ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামাল ড্রাইভার বলেন, “কয়েকদিন ধরে এলাকায় তার চুরি বেড়ে যাওয়ায় আমরা সজাগ ছিলাম। ভোরে তারা তার কাটার সময় হাতেনাতে ধরে ফেলি। পরে তাদের কাছে মাদকও পাওয়া যায়।”
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত আলামত জব্দ করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি বিদ্যুৎ লাইনের তার চুরি ও অবৈধ মাদক রাখার অভিযোগে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি এলাকায় অপরাধ দমনে রাত্রিকালীন টহল আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।