
কথা২৪ ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যেও আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুসারে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখা হবে।
এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঈদের দীর্ঘ ছুটির সময় আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী তাদের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখবে।
এছাড়া, শিল্পাঞ্চলের বিশেষ শাখাগুলো আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) খোলা থাকবে। এই দুই দিনে ব্যাংকের কার্যক্রম হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গ্রাহকদের সঙ্গে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এই সুবিধার আওতায় দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকা—সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে, ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারণ করতে পারবে।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ যদি ঈদুল ফিতর উদ্যাপিত হয়, তাহলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।