কথা২৪ ডেস্ক | বরিশাল:
এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মনির সরদার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের পুত্র। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী হিসেবে মনির সরদারকে শনিবার রাতেই ধামুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম চুক্তিতে বালু ভরাটের কাজ করেন এবং উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য পাইপ স্থাপন করতে থাকেন। ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে সাত থেকে আটজন দেশীয় অস্ত্রসহ সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তিন দফায় এক লাখ টাকা দিতে বাধ্য হন ব্যবসায়ী।
অভিযোগ রয়েছে, বাকি এক লাখ টাকা আদায়ের জন্য শুক্রবার দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে মনির সরদার যান। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর মনির সরদার ও তার এক সহযোগীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আটজনকে আসামি করে উজিরপুর থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে, ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মনির সরদারকে ছাত্রদল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।






মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।