
ভোলা প্রতিনিধি | Katha24.com
ভোলা-১ (ভোলা সদর) আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী গোলাম নবী আলমগীরকে ঘিরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেওয়ার গুঞ্জনে কান্নায় ভেঙে পড়ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, গোলাম নবী আলমগীর বিগত বছরগুলোতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মামলা, নির্যাতন ও রাজনৈতিক চাপ উপেক্ষা করেও তিনি মাঠে ছিলেন নেতাকর্মীদের পাশে। তার এই ত্যাগ ও নেতৃত্বে ভোলা-১ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের।
মনোনয়ন অনিশ্চয়তার খবরে দলীয় কার্যালয় ও বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও আবেগ দেখা গেছে। অনেকেই প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েন। তাদের বক্তব্য, “যিনি দুঃসময়ে আমাদের আগলে রেখেছেন, তাকেই যদি দল মূল্যায়ন না করে—তাহলে ত্যাগের রাজনীতির ভবিষ্যৎ কোথায়?”
স্থানীয় এক সিনিয়র নেতা বলেন, “গোলাম নবী আলমগীর শুধু প্রার্থী নন, তিনি আমাদের আন্দোলনের প্রতীক। তাঁকে বাদ দিলে মাঠে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে।”
এদিকে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনার জন্য ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। নেতাকর্মীরা আশা করছেন, দলীয় হাইকমান্ড মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ভোলা-১ আসনে বিএনপির রাজনীতিতে এই আবেগঘন পরিস্থিতি আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে—সেদিকেই এখন তাকিয়ে আছে জেলার রাজনৈতিক মহল।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।