
কক্সবাজারে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা সহ যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক নারীসহ আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ টাকা নগদ জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি মো. শওকত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রামু উপজেলা শাখার সদস্য এবং ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব বলে জানা গেছে। এছাড়াও তিনি উপজেলা যুবদলের অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্য আটকরা হলেন— কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে মো. রাসেল (৪০) এবং রামু উপজেলার পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীরের স্ত্রী কামরুন্নাহার (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শওকত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য তিনি একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে শওকত এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হন। এমনকি তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় একজন পালিয়ে গেলেও শওকতসহ অন্যদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।